ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

সুপ্রিয় জুট মিলে ১২শ’ শ্রমিকের কর্মসংস্থান 

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৮:২৫, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও শহরের সেনুয়া নদীর ব্রীজ সংলগ্ন প্রায় এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রাংশ দিয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপ্রিয় জুট মিল নামে একটি পাটকলের উদ্বোধন করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ মিলে প্রায় ১২শ’ শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে রবিবার পাটকল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক বাবলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
 
এসময় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের পর সবচেয়ে সম্ভাবনাময় খাত পাট ও পাটজাত পণ্য। পাট অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভুত হয়েছে।
 
সংসদ সদস্য আরও বলেন, বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্য বর্জনের ফলে আমাদের পাট ও পাটজাত পণ্যের চাহিদার নতুন দিগন্ত সূচনা হয়েছে। এ সূচনাকে কাজে লাগাতে হবে। পাটের বীজ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং পাটপণ্যের বহুমুখীকরণে গবেষণার কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। স্থানীয় বাজারে পাটপণ্যের চাহিদা বাড়ানো এবং সে অনুযায়ী উৎপাদন কার্যক্রম চালানোর জন্য সাংসদ রমেশ চন্দ্র সেন উদ্যোক্তাদের প্রতি আহবান জানান । 

অগ্রণী ব্যাংক লিঃ এর অর্থ্ঋণে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যন্ত্রাংশ দিয়ে এই মিলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এতে কর্মসংস্থান হবে প্রায় ১২শ’ শ্রমিকের।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি